শান্তিচুক্তির পক্ষে-বিপক্ষে কর্মসূচি : বান্দরবানে বাঙালি ছাত্র পরিষদের মানববন্ধনে পুলিশের বাধা
কালো পতাকা উত্তোলন, মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পার্বত্য ৩ জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে শান্তিচুক্তির একযুগ পূর্তি পালিত হয়েছে। আঞ্চলিক সংগঠনগুলো সকাল থেকে শান্তিচুক্তির পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি নানা কর্মসূচি পালন করে। গতকাল সকাল থেকে শান্তিচুক্তিকে কালো চুক্তি ও সংবিধানবিরোধী আখ্যায়িত করে তা বাতিলের দাবিতে বান্দরবান জেলা সদর প্রেসক্লাব চত্বরে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচি চলাকালে পুলিশ ছাত্রদের কাছ থেকে কালো পতাকা, ব্যানার ও ফেস্টুন কেড়ে নেয়। পরে এর প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র পরিষদ নেতা আবদুস সাত্তার, মোঃ ইউসুফ, আলাউদ্দিন আল আযাদ আলিফ, ছালেহ আহাম্মদ, মোস্তাফিজুর রহমান রাসেল, সমঅধিকার নেতা হাফিজ মাস্টার প্রমুখ। সমাবেশে পার্বত্য শান্তিচুক্তি অসম ও অসাংবিধানিক আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানানো হয়। গতকাল সকাল থেকে বান্দরবান শহরের বিভিন্ন স্থানে কালো পতাকা ওড়ানো হয়। লাগানো হয় বিভিন্ন স্লোগান সংবলিত পোস্টার। তবে বিভিন্ন স্থানে ওড়ানো কালো পতাকা কে বা কারা তুলে ফেলে। এছাড়া বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় এবং বাঙালি ছাত্র পরিষদ মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এদিকে পার্বত্য শান্তিচুক্তির একযুগ পূর্তি উপলক্ষে বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে সকালে উপজাতি সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর এমপি। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা মারমা, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার কামরুল আহসান। অন্যদিকে দুপুর ২টায় আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি, পাহাড়ি ছাত্র পরিষদ এবং হিল উইমেন্স ফেডারেশনের যৌথ উদ্যোগে শোভাযাত্রা ও প্রতিবাদ সমাবেশ করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজার মাঠে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং মারমা, জেএসএস নেতা সাধুরাম ত্রিপুরা মিল্টন, চিং হ্লা মং চাক প্রমুখ। সমাবেশে দীর্ঘ এক যুগেও পার্বত্য শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় সরকারের সমালোচনা করা হয়। এছাড়া পার্বত্য চুক্তির পক্ষে আওয়ামী লীগ বান্দরবান জেলা শাখা বিকালে শিশু একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে।



