১২ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি ঢাবির শীতকালীন ছুটি
রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি শুরু হচ্ছে। ছুটি শেষে আগামী ২ জানুয়ারি থেকে আবার ক্লাশ শুরু হবে।
রাজধানীর আরেকটি উচ্চ শিক্ষায়তন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হবে ১৪ ডিসেম্বর থেকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক মোঃ আশরাফ আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস, শীতকালীন ছুটি, ১০ মহররম (আশুরা), যীশুখ্রীস্টের জন্মদিন উপলক্ষে এ ছুটি দেয়া হচ্ছে।
তবে এ ছুটি শুধু ক্লাশের জন্য প্রযোজ্য হবে। দাপ্তরিক কাজের জন্য আশুরা ও বিজয় দিবসের দিন ছুটি থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছুটি চলাকালীন সুবিধামত সময়ে বিভিন্ন বিভাগের পরীক্ষা চলবে।”
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস, আশুরা, যীশুখ্রীস্টের জন্মদিন ও শীতকালীন ছুটি উপলক্ষে ১৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাশ বন্ধ থাকবে। ২ জানুয়ারি থেকে ক্লাশ আবার শুরু হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন করা হবে।



