জবিতে শীতকালীন ছুটি শুরু

Posted on December 14, 2009 | Filed under News

শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস, মহররম, যীশুখৃষ্টের জন্মদিন ও শীতকালীন ছুটি উপলক্ষে সোমবার থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। ১ জানুয়ারি শুক্রবার হওয়ায় ২ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাশ যথারীতি শুরু হবে।

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল পৌনে ৭টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, সকাল ৮টায় কালো ব্যাজ ধারণ ও বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও পরে রায়েরবাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে, সকাল পৌনে ৭টায় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও বিশ্ববিদ্যালয় শহীদমিনারে পুষ্পস্তবক অর্পণ। সকাল ৯টায় ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও পরে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষ্যে আগামী ৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হবে।

Banner