রাজধানীর ২৪ সরকারি হাইস্কুলে কাল থেকে ভর্তি ফরম বিতরণ
রাজধানীর ২৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ শিক্ষাবর্ষে ভর্তি ফরম বিতরণ আগামীকাল শনিবার (৫ ডিসেম্ব্বর) শুরু হচ্ছে । চলবে ১৩ দিন। ১৭ ডিসেম্বর পর্যন্ত ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ভর্তি ফরম সংশ্লিষ্ট স্কুল ছাড়াও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) ওয়েবসাইটে পাওয়া যাবে। ফরমের মূল্য ১০০ টাকা। ওয়েবসাইটের মাধ্যমে ফরম সংগ্রহকারীদের জমা দেওয়ার সময় মূল্য পরিশোধ করতে হবে। ভর্তি পরীক্ষা শুরু হবে ২৪ ডিসেম্বর।
মাউশি সূত্র জানায়, এবার ভর্তির জন্য একটি নীতিমালা করা হয়েছে। নীতিমালা অনুসারে, যে স্কুলে শিক্ষার্থী ভর্তি হবে ওই
স্কুলেই তাকে ফরম জমা দিতে হবে। সাত বছরের বেশি বয়স হলে সরকারি কোনো স্কুলের প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া যাবে না। বয়স প্রমাণের
জন্য শুধু প্রথম শ্রেণীতে ভর্তির আবেদন ফরমের সঙ্গে জন্ম সনদ লাগবে। অন্যান্য শ্রেণীতে ভর্তির জন্য এ সনদ লাগবে না।
রাজধানীর ২৪টি সরকারি স্কুলকে প্রতি বছরের মতো এবারও ‘ক’, ‘খ’ ও ‘গ’ নামে ৩ গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে ৮টি স্কুল রয়েছে। পৃথক তিনটি দিনে তিন গ্রুপের স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৪ ডিসেম্বর ‘ক’, ২৬ ডিসেম্বর ‘খ’ ও ২৭ ডিসেম্বর ‘গ’ গ্রুপের স্কুলগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
‘ক’ গ্রুপের ৮টি স্কুল হলো- গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়, নিউ গভর্নমেন্ট গার্লস হাইস্কুল, ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়।
‘খ’ গ্রুপের স্কুলগুলো হলো_ মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, গভর্নমেন্ট মুসলিম হাইস্কুল, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ধানমণ্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ধানমণ্ডি কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
‘গ’ গ্রুপের স্কুলগুলো হচ্ছে_ ধানমণ্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল, আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টিকাটুলি কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, গণভবন সরকারি উচ্চ বিদ্যালয় ও তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়।
মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মোঃ জাকির হোসেন গতকাল বৃহস্পতিবার সমকালকে জানান, এ বছরের ভর্তি কার্যক্রম ডিসেম্বরের মধ্যেই শেষ হবে। আগামী বছরের ২ জানুয়ারি শনিবার থেকে ক্লাস শুরু হবে। ভর্তি কার্যক্রমে শিক্ষার্থী অথবা অভিভাবকদের কোনো হয়রানি যেন না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেওয়া হয়েছে।



